একের পর এক নতুন শাখা চালু করছে দেশের প্রথম মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স। সে ধারাবাহিকতায় গেল ঈদে তাদের নারায়ণগঞ্জে একটি শাখা চালু করার কথা ছিল। তবে সে শাখাটি চালু হচ্ছে মঙ্গলবার (৭ এপ্রিল)।
প্রতিষ্ঠানটির মিডিয়া ও মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘নারায়নগঞ্জের দর্শকদের কাছে আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করছি যে, পূর্বনির্ধারিত সময়ে আমরা শাখাটি চালু করতে পারিনি। অনেক দর্শক এর জন্য অপেক্ষা করেছিলেন। এবার দর্শকদের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। নারায়নগঞ্জের দর্শকদের দীর্ঘদিনের আকাঙ্খা পূরণ করতে পেরে আমরা আনন্দিত। কিছু সীমাবদ্ধতার কারণে আমরা দু’টি শো দিয়ে শুরু করছি। কয়েকদিনের মধ্যে সবগুলো শো পুরোদমে চালু হয়ে যাবে।’
নারায়নগঞ্জের জালকুঁড়িতে অবস্থিত সীমান্ত টাওয়ারে স্থাপিত হয়েছে এই মাল্টিপ্লেক্স। ৩টি হল রয়েছে এখানে। যার মধ্যে দু’টি হলের প্রতিটিতে ১৭৮ আসন এবং ১টি হলে থাকছে ৭৫ টি আসন।
উল্লেখ্য, বর্তমানে ঢাকার বসুন্ধরা সিটি শপিং মল, সীমান্ত সম্ভার (সাবেক রাইফেলস স্কয়ার), এসকেএস টাওয়ার, সামরিক জাদুঘর এবং মিরপুর ১ নম্বর, চট্টগ্রামের বালি আর্কেডে স্টার সিনেপ্লেক্সের শাখা রয়েছে। বগুড়াসহ দেশেবিভিন্ন শহরে শাখা নির্মাণের কাজ চলছে। এ ছাড়া ঢাকার বিভিন্ন এলাকায় আরও শাখা চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।


