সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে পেঁয়াজ আমদানির আবেদন করেও কোনো অনুমতি পাচ্ছে না শতাধিক আমদানিকারক।
রোববার সকাল থেকে কৃষি মন্ত্রণালয়ের অধীনস্ত খামার বাড়ি মহাপরিচালক বরাবর অনলাইনে আবেদন করেন তারা। কিন্তু এখনো কোনো আমদানিকারক পেঁয়াজ আমদানির অনুমতি পাননি।
এর আগে, দেশি কৃষকের স্বার্থ সংরক্ষণের জন্য সরকার তিন মাসের অধিক সময় যাবত পেঁয়াজ আমদানির ওপর বিধি নিষেধ আরোপ করেছিল।
কিন্তু গত শনিবার গনমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বানিজ্য মন্ত্রনালয় থেকে জানানো হয়, পেঁয়াজের বাজার সহনীয় রাখতে রোববার থেকে সীমিত পরিসরে পেঁয়াজ আমদানির অনুমোদন দেওয়া হবে।
ভোমরা বন্দর আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক অহিদুল ইসলাম জানান, পেঁয়াজ আমদানির জন্য অনেকে আবেদন করেছেন। আমদানিকারকরা অনুমতি পেলে ব্যাংকের এলসি খুলে ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে পারবেন বলে জানান তিনি।
এ সময় সাতক্ষীরার বিভিন্ন হাট-বাজারে ১২০ টাকা খুচরা মূল্যে দেশীয় পেঁয়াজ বেচাকেনা হচ্ছে জানিয়ে তিনি বলেন, পেঁয়াজ আমদানি হলে বাজারে পেঁয়াজের দাম স্থিতিশীল পর্যায়ে চলে আসবে।
এর ফলে রোববার সকাল থেকে পেঁয়াজ আমদানির আবেদন করে অনুমতি পাওয়ার অপেক্ষায় রয়েছে শতাধিক আমদানিকারক।


