টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অনিবন্ধিত মোবাইল ব্যবহার রোধ করতে আগামী ১৬ ডিসেম্বর চালু করা হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম। ফলে দেশের নেটওয়ার্কে নিবন্ধনহীন বা আনঅফিশিয়াল মোবাইল ব্যবহার বন্ধ হবে।
তিনি বলেন, ‘এনইআইআর চালুর ফলে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) অনুযায়ী প্রতিটি মোবাইল নিবন্ধিত থাকবে। কোনো অবৈধ মোবাইল ব্যবহার করে একাধিক সিম চালানো সম্ভব হবে না। এতে এমএফএসের মাধ্যমে সংগঠিত সিম ক্লোনিং, ভুয়া অ্যাকাউন্ট ও লেনদেনে জালিয়াতি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
বুধবার রাজধানীর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনের বোর্ডরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘ইলেকট্রনিক নো ইওর কাস্টমার (ইকেওয়াইসি) যাচাই প্রক্রিয়া শক্তিশালী করার জন্য প্রতিটি ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি (আইএমইআই) নির্দিষ্ট জাতীয় পরিচয়পত্র ও সিমের সঙ্গে যুক্ত থাকবে ফলে ইকেওয়াইসি সিস্টেমে ভুয়া বা একাধিক নিবন্ধন করা সম্ভব হবে না।’
এটি আর্থিক খাতে স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করবে জানিয়ে তিনি বলেন, ‘সিম প্রতারণা ও স্ক্যাম প্রতিরোধে জন্য চুরি বা হারানো ফোনের আইএমইআই ব্লক করে দিলে সেই ফোনে কোনো নতুন সিম ব্যবহার করা যাবে না।’ ফলে প্রতারকরা হারানো ফোন ব্যবহার করে আর স্ক্যাম বা ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) জালিয়াতি করতে পারবে না বলেও তিনি উল্লেখ করেন।
টেলিকম সেক্টরে নিরাপত্তা ও রাজস্ব সুরক্ষা বিষয়ে বিশেষ সহকারী বলেন, ‘এনইআইআর ব্যবস্থা চালু হলে অবৈধভাবে আমদানিকৃত বা নকল মোবাইল ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ হবে। এর ফলে সরকার প্রতি বছর বিপুল পরিমাণ রাজত্ব ক্ষতি থেকে রক্ষা পাবে এবং দেশে মোবাইল উৎপাদন শিল্প আরও সুরক্ষিত হবে।’
তিনি আরও বলেন, ‘আগামী ১৬ ডিসেম্বর দেশের টেলিকম খাত একটি নতুন, নিরাপদ ও স্বচ্ছ যুগে প্রবেশ করবে।’ তিনি এই উদ্যোগ সম্পর্কে সবাইকে সচেতন করতে এবং বৈধ মোবাইল ব্যবহার করতে উৎসাহিত করার জন্য উপস্থিত গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন অপারেটরের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে বিটিআরসির চেয়ারম্যান এমদাদ উল বারীসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।


