সিলেটের চাঁদনি ঘাটে সুরমা নদীর দুই পাড়ে সৌন্দর্যবর্ধনের পাশাপাশি বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার সকাল ১১টায় চাঁদনি ঘাটে এই প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান।
এছাড়াও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী উপস্থিত ছিলেন।
এ সময় সংশ্লিষ্টরা প্রধানমন্ত্রীর কাছে এই প্রকল্পের বিষয়বস্তু তুলে ধরেন।
প্রধানমন্ত্রী এর আগে সিলেটে এসে প্রথমেই হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন। সেখানে তিনি দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাত করেন।
বৃষ্টির মধ্যেই বিমানবন্দরে নেমে প্রধানমন্ত্রী নগরের দরগাগেট এলাকায় অবস্থিত সুফিসাধক হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতে যান।
মাজারে যাওয়ার পথে ঝড় বৃষ্টি উপেক্ষা করে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে জড়ো হন হাজারো মানুষ। রাস্তার দুপাশে দাঁড়িয়ে তারা তাকে শুভেচ্ছা জানান। তারেক রহমানও নেতাকর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে অভিবাদন জানান।
দিনভর নানা কর্মসূচি শেষ করে রাতে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।
গত ২১ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা এই সিলেট থেকেই শুরু করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেদিন তিনি সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠে বক্তব্য দেন। প্রধানমন্ত্রী হিসেবে সিলেটে তারেক রহমানের প্রথম সফর এটি।


