নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বালুবোঝাই ট্রাক্টরের ধাক্কায় রবিউল ইসলাম (৪০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল উপজেলার নিতাই ইউনিয়নের খোলাহাটি এলাকার বাসিন্দা। তিনি মৃত নিজাম উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, শনিবার দুপুরে রবিউল ইসলাম ভ্যান নিয়ে উপজেলা সদর থেকে কিশোরগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। পথে শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা বালুবোঝাই একটি ট্রাক্টর তার ভ্যানকে ধাক্কা দেয়। এতে তিনি ভ্যান থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বেপরোয়া গতিতে ট্রাক্টর চলাচল বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।
তাদের অভিযোগ, উপজেলার বিভিন্ন সড়কে নিয়ম না মেনে বালুবোঝাই ট্রাক্টর চলাচল করায় প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


