নাটোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। শনিবার বিকাল ও রাতে জেলার হরিশপুর ও শহরের একডালা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোরের হরিশপুর এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হন এবং আরও দুইজন আহত হন। নিহত ব্যক্তি ট্রাকচালকের সহকারী ছিলেন। তার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর এলাকায়। শনিবার বিকাল প্রায় ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
অন্যদিকে, নাটোর শহরের একডালা নতুন পাম্পের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরও একজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ও আহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নাটোর ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাহবুর রহমান জানান, হরিশপুরে ট্রাক দুর্ঘটনায় চালকের সহকারী ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যায়। দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, একডালা এলাকার ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহত মোটরসাইকেল আরোহীর পরিচয় শনাক্তের কাজ চলছে। সড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রয়েছে।


