রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাং নেতা ‘এলেক্স ইমন’ হত্যা মামলার অন্যতম আসামি জহিরুল ইসলাম ওরফে রিপোল ওরফে বিপুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-২। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক ও সাতটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর থানার কাটাসুর ও ঢাকা জেলার কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান সাংবাদিকদের জানান, গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে জহিরুল ইসলাম ওরফে রিপোল ওরফে বিপুল মোহাম্মদপুরের কিশোর গ্যাং নেতা এলেক্স ইমন হত্যা মামলার অন্যতম আসামি। তারা রাজধানীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গত ১২ এপ্রিল মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী বেড়িবাঁধ সড়কের ঢালে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে এলেক্স ইমন গ্রুপের মূলহোতা ইমন ওরফে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যা করা হয়। সে সময় ঘটনাস্থল থেকে সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।


