তীব্র গরমে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে একটু স্বস্তির খোঁজে বাড়ির পাশের গাছ তলায় বসেছিলেন ৯০ বছর বয়সী সমিরন। কিন্তু আকস্মিকভাবে সেই গাছটি তার ওপর ভেঙে পড়লে মৃত্যু হয় এই বৃদ্ধার।
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর শহরের ফকিরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সমিরন দেওয়ানগঞ্জ পৌর শহরের ফকিরপাড়া এলাকার মৃত গোলাপের স্ত্রী।
সমিরনের স্বজনেরা জানান, তীব্র গরমে বিদ্যুৎ না থাকায় বাড়ির পাশে গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন তিনি। এ সময় কোনো ঝড় বা বাতাস ছাড়াই হঠাৎ গাছটি তার ওপর ভেঙে পড়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘বিষয়টি জানতে পেরেছি। এই মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।’


