রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইন-শৃঙ্খলা কার্যক্রম জোরদারে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্পের সেক্টর-১-এর রাজউক সেন্ট্রাল মেকানিক্যাল স্ট্যাক ইয়ার্ডে আয়োজিত অনুষ্ঠানে ক্যাম্পটির উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।
উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি বলেন, পূর্বাচল নতুন শহর প্রকল্পে পুলিশের কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হলো বরকাউ পুলিশ ক্যাম্পের মাধ্যমে। পরিকল্পিত নগর হিসেবে পূর্বাচলের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি জানান, পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ডিএমপির আওতায় চারটি থানা, ছয়টি তদন্তকেন্দ্র, দুটি পুলিশ লাইনস, তিনটি উপ-পুলিশ কমিশনার (ডিসি) কার্যালয় এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব স্থাপনার কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
আইজিপি আরও বলেন, পূর্বাচলের নিরাপত্তা নিশ্চিত করতে রাজউক বাংলাদেশ পুলিশের অনুকূলে ২৯ দশমিক ২১ একর জমি বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ১৮ দশমিক ৬৩ একর জমির নিবন্ধন সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট জমির নিবন্ধন প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি জানান, ভবিষ্যতে পূর্বাচল নতুন শহর প্রকল্পকে ডিএমপির অধীনে এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে পৃথক বিভাগ গঠনের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে প্রায় ৬ হাজার ৫২৪ জন জনবল সৃষ্টির প্রস্তাবও বিবেচনাধীন।
আইজিপি বলেন, প্রাথমিকভাবে পূর্বাচলে দুটি পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে। এর একটি বরকাউ পুলিশ ক্যাম্প, যা বুধবার উদ্বোধন করা হয়েছে। অন্যটি প্রস্তাবিত পশি থানা এলাকায় নির্মাণাধীন রয়েছে এবং আগামী দুই মাসের মধ্যে সেটিও চালু করার আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


