কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন পরিচ্ছন্নতাকর্মীর স্থলে কর্মরত আছেন মাত্র একজন। এতে অস্বাস্থ্যকর পরিবেশে চরম ভোগান্তিতে পড়েছেন রোগী, স্বজন ও চিকিৎকরা। এমন পরিস্থিতিতে হাসপাতালটিতে সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশে বজায় রাখতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য (এমপি) মো. আফজাল হোসেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে প্রথমবার এমপি নির্বাচিত হয়েছেন।
সোমবার সকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি পরিচ্ছন্নতা অভিযান চালান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির আফতাব উদ্দীন মাস্টার, সহকারী সেক্রেটারি আবুল হাসান শমসের, কর্মপরিষদ সদস্য ও বাগুলাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা শামসুদ্দিন আহমদ, নন্দলালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, পৌর যুব জামায়াতের সভাপতি হাফেজ মাসুদ রানা প্রমুখ।
সকাল সোয়া ১০টার দিকে সরেজমিনে দেখা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ভবনের ময়লা-আবর্জনা পরিষ্কার করছেন এমপি আফজাল হোসেন ও তার দলীয় নেতাকর্মীরা। তাদের হাতে সার্জিকাল গ্লাভস, মাথায় টুপি ও শরীরে গাউন। তারা বড় ঝাড়ু দিয়ে আবর্জনা পরিষ্কার করছেন।
এ সময় সংসদ সদস্য মো. আফজাল হোসেন বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ঢাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন। তার নির্দেশনায় কুষ্টিয়া-৪ আসনে সোমবার এ অভিযান শুরু করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘পরিচ্ছন্নতাকর্মীসহ হাসপাতালের সব জনবল সংকটে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সেইসঙ্গে এই হাসপাতাল ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নতি করার জন্য মন্ত্রণালয়ে যোগাযোগ করা হচ্ছে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. খালেক সাইফুল্লাহ বলেন, ‘তিনটি ওয়ার্ডবয় পদের সবকটি শূন্য, একমাত্র মালী পদটিতে লোকবল নেই। এ ছাড়া দুটি নিরাপত্তাকর্মীর দুটিই শূন্য এবং পাঁচ পরিচ্ছন্নতাকর্মীর চারটি পদই শূন্য থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ তিনি জানান, হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শেষে জনবল সংকট নিরসনের আশ্বাস দিয়েছেন এমপি আফজাল হোসেন।’


