দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন সন্দেহজনক এবং ১ জন নিশ্চিত হাম রোগী ছিলেন। একই সময়ে নতুন করে আরও ৮৭৯ জন সন্দেহজনক এবং ৯০ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সেবা বিভাগের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ ২০২৬ থেকে রোববার পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে এক লক্ষ ১১ হাজার ৪৮০ জনে এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা মোট ১৩ হাজার ৫০০ জন। এই সময়ের মধ্যে হাম ও উপসর্গে দেশে মোট ৭৫৮ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে সন্দেহজনক মৃত্যু ৬৬৪ জন এবং নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯৪ জন।
অন্যদিকে, চিকিৎসা শেষে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতাল থেকে মোট ৯০ হাজার ৬০৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং মোট ভর্তিকৃত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ হাজার ৩৪০ জনে।
বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বিভাগে আক্রান্ত ও মৃত্যুর হার সবচেয়ে বেশি, যেখানে এ পর্যন্ত হাম ও উপসর্গে রোগীর সংখ্যা ৫০ হাজার ৫৯০ জন এবং মোট নিশ্চিত রোগীর সংখ্যা ৮ হাজার ৭২৫ জন।


