দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫০ জন রোগী।
আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৭ জন এবং ঢাকার বাইরে দেশের অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে রোববার এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ১২৮ জন, যার মধ্যে ঢাকা মহানগরে রয়েছেন ৯৭ জন।
এ ছাড়া বরিশাল বিভাগে ৯৫ জন, খুলনা বিভাগে ৭০ জন, চট্টগ্রাম বিভাগে ৩১ জন, ময়মনসিংহ বিভাগে ১৭ জন, রাজশাহী ও সিলেট বিভাগে চারজন করে এবং রংপুর বিভাগে একজন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৭২৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ জুলাই ২০২৬ পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৩২৩ জনে।
এর মধ্যে চিকিৎসাসেবা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭ হাজার ৫৭০ জন রোগী। অন্যদিকে, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন সর্বমোট ২৫ জন। মোট মৃত্যুর পরিসংখ্যানে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১১ জন এবং ময়মনসিংহ বিভাগে ৫ জনের মৃত্যু হয়েছে।


