১৬ ডিসেম্বর জাতীয় বিজয় দিবস ঘিরে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘বিজয় দিবস উপলক্ষে কোনো শঙ্কা নেই। বিজয় দিবসে কোনো অস্থিরতার সম্ভাবনা নেই।’
বুধবার সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি একথা জানান। যথাযোগ্য মর্যাদায় আগামী মাসে বিজয় দিবস উদযাপনে জাতীয় কর্মসূচি বাস্তবায়নে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এই সভাটি অনুষ্ঠিত হয়।
বিজয় দিবসের কর্মসূচিতে কোনো পরিবর্তন নেই জানিয়ে উপদেষ্টা বলেন, ‘আগে যেভাবে সব কর্মসূচি হয়েছে, এবারও সেভাবেই করা হবে। বরং আরো বেশি হবে। তবে গতবারের মতো এবারও প্যারেড অনুষ্ঠিত হবে না।’
এ সময় জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে ঘিরে কোনো রকম অস্থিরতা সৃষ্টি হয়নি বলে আশ্বস্ত করেন তিনি।
অনুষ্ঠানে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই মঙ্গলবার রাতে ডিবি পরিচয়ে এক সাংবাদিককে তুলে নেওয়া বিষয়ে প্রশ্ন করা হলে জাহাঙ্গীর আলম বলেন, ‘বিষয়টা আমি প্রথম শুনলাম। অনুসন্ধান করার পর হয়তো বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানতে পারব।’ বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে বলেও জানান তিনি।
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি প্রমুখ।
টানা নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর রেসকোর্ট ময়দানে আত্মসমর্পণ করে পাকিস্তানী সেনাবাহিনী। এর ফলে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। দিনটি বাংলাদেশে জাতীয় বিজয় দিবস হিসেবে পালিত হয়।


