এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিরুদ্ধে ১-০ গোলে জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার ঢাকায় ফুটবলপ্রেমী দর্শকে পূর্ণ স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। তুমুল প্রতিযোগিতামূলক ম্যাচটিতে শেষ হাসি হাসে বাংলাদেশের ফুটবলাররা। আর এরমধ্য দিয়ে ২২ বছর পর ভারতের বিরুদ্ধে পায়ের কারিশমায় প্রথম জয় তুলে নেয় শেখ মোরসেলিনরা।
অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘এই জয় প্রতিটি বাংলাদেশিকে গর্বিত করেছে। এটি কেবল একটি ফুটবল ম্যাচের জয় নয়, এটি লাখ লাখ তরুণ-তরুণী, যারা খেলাধুলাকে ইতিবাচক শক্তির উৎস হিসেবে দেখে, তাদের জন্য অনুপ্রেরণা। জাতি গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে এমন একটি জয় এক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি।’
২০২৪ সালে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ফুটবলকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে আসছে জানিয়ে প্রধান উপদেষ্টা আশা করেন, এই জয় বাংলাদেশের ফুটবলের গৌরবময় দিনগুলো ফিরে পেতে সহায়তা করবে।
আগামী দিনের সরকারও ফুটবলকে এগিয়ে নেওয়ার এই ধারা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা করেন মুহাম্মদ ইউনূস।


