ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের মেইন বিল্ডিংয়ের ৩৪৯ নম্বর কক্ষে ছাদের পলেস্তারা খসে পড়েছে। এ ঘটনায় কেউ আহত না হলেও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
বুধবার সকাল ৯টা ২৫ মিনিটে এ ঘটনা ঘটে। রুমের আবাসিক শিক্ষার্থী সৈয়দ জাহেদ ইকবাল টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘অল্পের জন্য বেঁচে গেছি। ক্লাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, এমন সময় হঠাৎ পিছনে তাকিয়ে দেখি ছাদের পলেস্তারা খসে পড়ে গেছে। যে জায়গায় পলেস্তারা পড়েছে, ঠিক সেখানেই আমি কিছুক্ষণ আগে দাঁড়িয়ে ছিলাম। আরেকটু এদিক ওদিক হলে বড় ধরনের দুর্ঘটনা হতে পারতো।’

একই হলের আবাসিক শিক্ষার্থী, ইসমাঈল নাহিদ বলেন, ‘প্রায়ই এ ধরনের ঘটনা ঘটছে। বড় কোন দূর্ঘটনার আগে মনে হয়না কেউ সজাগ হবে।’
‘শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শিক্ষার্থী সংসদ’ নামের একটি ফেসবুক গ্রুপে হলের আরেক আবাসিক শিক্ষার্থী হাসান জামিল মন্তব্য করেছেন, ‘৩৩০ নম্বর কক্ষেও একই অবস্থা, প্রতিদিনই একটু একটু করে পলেস্তারা খসে পড়ছে।’


