ফ্লাইট জটিলতায় ইতালিতে আটকা পড়েছেন কোয়াজেম শাহ

ফ্লাইট জটিলতায় ইতালিতে আটকা পড়েছেন কোয়াজেম শাহ
ছবি: টাইমস
Advertisement
Advertisement

ফ্লাইট জটিলতার কারণে ইতালির রোমে আটকা পড়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার কোয়াজেম শাহ।

কানাডার টরন্টো থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি জরুরি অবতরণ করে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে। ওই ফ্লাইটে বাবা সাবেক ক্রিকেটার হালিম শাহ, মা ও বোনের সঙ্গে ছিলেন কোয়াজেম।

রোম থেকে হালিম শাহ বলেন, ‘টরন্টো থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে রোমে আসার পর আমাদের আট ঘণ্টা বিমানের ভেতরে বসিয়ে রাখা হয়। পরে বিমানের সমস্যার কারণে আমাদের একটি হোটেলে নেওয়া হয়।’

তিনি বলেন, ‘আমাদের কানাডার পাসপোর্ট থাকায় হোটেলে থাকার ব্যবস্থা হয়েছে। যাদের শেনজেন ভিসা বা কানাডা কিংবা যুক্তরাষ্ট্রের পাসপোর্ট নেই, তাদের কী হয়েছে জানি না। রোম থেকে আমরা কবে ঢাকায় ফিরতে পারব, সেটিও জানি না।’

বর্তমানে বাংলাদেশ ফুটবল লিগের দলবদল চলছে। গত মৌসুমে ঢাকা আবাহনীর হয়ে খেলেছেন কোয়াজেম। নতুন মৌসুমে এখনো কোনো ক্লাবে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হননি তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর