মোহাম্মদপুরে আসাদুল হত্যা: ২৪ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার ৪

মোহাম্মদপুরে আসাদুল হত্যা: ২৪ ঘণ্টায় মূল হোতাসহ গ্রেপ্তার ৪
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চাঞ্চল্যকর আসাদুল হত্যা মামলার ২৪ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার কেরানীগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুর থানার রায়েরবাজারের সাদেক খানের ইটখোলা এলাকায় রিপনের ওয়ার্কশপের সামনে আসাদুল ওরফে লম্বু আসাদুলের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা ধারালো অস্ত্র ও ইট দিয়ে তাকে গুরুতর আহত করে। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের চাচাতো বোন অঞ্জু আক্তার বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলা দায়েরের পর পুলিশ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে। শুক্রবার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—মো. মুন্না (২৪), মো. আকতার হোসেন (৪৫), মো. মিরাজ ফকির (২২) এবং মো. নয়ন ওরফে খোকন (২৪)।

আরও পড়ুন

পুলিশ জানায়, তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইস গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, নিহত আসাদুলের সঙ্গে আসামিদের পূর্বে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও পুরোনো বিরোধ ও টাকা-পয়সা লেনদেনের দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। আসামি আকতার হোসেনকে পূর্বে মারধরের ঘটনার প্রতিশোধ হিসেবেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয় বলে তারা স্বীকার করেছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার মুন্নার বিরুদ্ধে মাদক ও ছিনতাইয়ের সাতটি, মিরাজের বিরুদ্ধে একটি এবং নয়নের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad