গাজীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

গাজীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একটি গাড়ি ক্ষতিগ্রস্থ হয়। মঙ্গলবার দুপুরে উপজেলার ভান্নারা এলাকায়। ছবি: টাইমস
Advertisement
Advertisement

গাজীপুরের কালিয়াকৈরে কারখানার ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার ভান্নারা এলাকার ‘হোগলোন’ কারখানার পরিত্যক্ত মালামাল (ঝুট) বের করা নিয়ে এই সংঘাত বাধে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

উপজেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ এবং জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ফরহাদ হোসেনের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, হারুন অর রশিদ কারখানার ঝুট বের করতে গেলে ফরহাদ হোসেনের লোকজন তাতে বাধা দেয়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

এদের মধ্যে ছাত্রদল নেতা ফরহাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফরহাদ পক্ষের দাবি, হারুন অর রশিদের ঝুট নামানোর অনুমতির (ডিউ) মেয়াদ শেষ হয়ে গেছে। কেন্দ্রীয় নেতারা ফরহাদকে মৌখিকভাবে ঝুট বের করার দায়িত্ব দিয়েছেন। কিন্তু হারুন অর রশিদ জোর করে মালামাল বের করতে গেলে বাধা দেওয়া হয়, যার ফলে এই হামলার ঘটনা ঘটে।

হারুন অর রশিদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে নিয়ম মেনে অনুমতি নিয়েই ঝুট বের করছেন। মঙ্গলবার মালামাল বের করতে গেলে ফরহাদ ও তার লোকজন বাধা দেয় এবং তার কর্মী ও গাড়িচালককে মারধর করে। এমনকি তার গাড়িটি কুপিয়ে ও ভাঙচুর করে ব্যাপক ক্ষতি করা হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর