১১ দলীয় জোটের লংমার্চ জনগণ গ্রহণ করেনি বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
শনিবার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুর জেলা বিএনপির আনন্দ র্যালিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
এ্যানি বলেন, ‘বিএনপিকে হুংকার দেবেন না। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের দল। ভয় দেখাবেন না। আন্দোলন-সংগ্রাম করে রাজপথ থেকে উঠে আসা দল বিএনপি। তাই হুংকার বা অরুচিশীল বক্তব্য দিয়ে লাভ নেই।’
তিনি বলেন, ‘গত ১৭ বছর লড়াই করে জনগণের রায় নিয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করা হয়েছে। সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাসও হয়নি। এখনই আন্দোলন শুরু করা ঠিক নয়।’
১১ দলীয় জোটের লংমার্চ প্রসঙ্গে এ্যানি বলেন, ‘লংমার্চে জনগণের সাড়া নেই। এতে চিহ্নিত কিছু ব্যক্তি অংশ নিয়েছে। দেশের মানুষ এ কর্মসূচি গ্রহণ করেনি।’
জামায়াতের আমিরকে উদ্দেশ করে তিনি বলেন, ‘উসকানিমূলক হুংকার ও বক্তব্য জনগণ পছন্দ করে না। এসব কর্মসূচি গ্রহণ করলে জনগণ সাড়া দিত। এতদিন যারা গুপ্ত ছিল, তাদের কর্মী বা চিহ্নিত লোক দিয়ে লংমার্চ হয় না। এরা রাজনীতি করে না।’
তিনি আরও বলেন, ‘এরা জামায়াতে ইসলামী নামে পরিচিত। এরা আমার-আপনার ক্ষতি করার চেষ্টা করছে। এরা দেশের ও সমাজের জন্য ক্ষতিকর। তাই সবাইকে এদের কাছ থেকে দূরে থাকতে হবে।’
মা-বোনদের উদ্দেশে এ্যানি বলেন, ‘বাড়ি বাড়ি গিয়ে ইসলামের নামে অপব্যাখ্যা দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, জামায়াতে করলে বেহেশত পাওয়া যাবে। বেহেশত এত সহজ নয়। তাই এদের কথায় বিভ্রান্ত হবেন না। সবাইকে সতর্ক থাকতে হবে।’
পরে এ্যানির নেতৃত্বে আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহানীতে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।


