জ্বালানি সংকটের সময়ে লংমার্চের নামে বিরোধী দল জাতীয় সম্পদের অপচয় করছে। এতে জনগণের অযথা ভোগান্তি হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
শনিবার দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শনে যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, লংমার্চে প্রায় এক লাখ লিটার জ্বালানি তেল ব্যয় হবে বলে হিসাব করা হচ্ছে। দেশে যখন জ্বালানি সংকট চলছে, তখন এমন কর্মসূচি নেওয়া হচ্ছে। শুরুতে জ্বালানি সংকটের কথা বলা হলেও পরে গণরায় বাস্তবায়নের বিষয়টি সামনে আনা হয়েছে।
গণরায় প্রসঙ্গে তিনি বলেন, জনগণ সংস্কারের পক্ষে মত দিয়েছে। সংবিধান সংশোধনের মাধ্যমে সেই সংস্কার বাস্তবায়ন সম্ভব। এ জন্য সংবিধান সংশোধনসংক্রান্ত কমিটিতে বিরোধীদলকে আহ্বান জানানো হয়েছে।
দ্বিতীয় শপথ প্রসঙ্গে ইশরাক বলেন, এমপি হিসেবে সংবিধান ও আইন অনুযায়ী শপথ নেওয়ার পর দেওয়া অতিরিক্ত শপথের কাগজ অসাংবিধানিক ও অবৈধ। এ বিষয়ে বিশেষজ্ঞদের ভিন্ন মত থাকলেও তিনি বিতর্কে যেতে চান না।
তিনি বলেন, সরকারের সফলতা-ব্যর্থতার পাশাপাশি গত ছয় মাসে বিরোধীদল হিসেবে তারা কতটা সফল হয়েছে, জনগণের সেটিও মূল্যায়ন করা উচিত।
পরে ইশরাক হোসেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর খোকসা জানিপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন।
এ সময় কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, খোকসা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, খোকসা পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিপন হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


