কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। রোববার রাত আনুমানিক ১০টার দিকে ক্যাম্পের এফ ব্লকের একটি শেড থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ব্লকজুড়ে ছড়িয়ে পড়ে এবং দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
আগুন নিয়ন্ত্রণে টেকনাফ ও উখিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। পাশাপাশি ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), সেনাবাহিনীর সদস্য, ক্যাম্পের স্বেচ্ছাসেবক ও স্থানীয় বাংলাদেশিরাও যৌথভাবে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী রোহিঙ্গারা জানিয়েছেন, রাত ১০টার দিকে একটি শেডে আগুন লাগার পর তা দ্রুত আশপাশের শেডে ছড়িয়ে পড়ে। প্রথমে ক্যাম্পের স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন, তবে তাতে সফল হওয়া যায়নি।
পরে টেকনাফ ও উখিয়া থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
ক্যাম্প সূত্রে জানা গেছে, ঘটনার প্রায় এক ঘণ্টা পরও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।


