জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের জনগণ দীর্ঘদিন যাবৎ একটি কার্যকর সংসদের অপেক্ষায় ছিল। তিনি বলেন, ‘বিগত ১৭ বছর আমরা এ ধরনের সংসদ পাইনি। এতদিন পর এবার আমরা সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছি।’
বুধবার দুপুরে জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) আয়োজিত ‘ফল উৎসব-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আশা প্রকাশ করেন, গণমাধ্যমের কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় সংসদ আরও মহিমান্বিত হবে এবং সংসদের প্রতি দেশের জনগণের আস্থা আরও বেড়ে যাবে।
স্পিকার বলেন, ‘আমি বেশ কয়েকটি সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলাম। বিশেষ করে হুসেইন মুহম্মদ এরশাদের আমলের সংসদের সদস্য ছিলাম, যা বলতেই লজ্জা পাই। সংসদে এসে দেখতাম অন্য লোক সংসদ সদস্য হয়ে বসে আছেন। এতদিন এ ধরনের আবোল-তাবোল সংসদের পর এবার আমরা সত্যিকারের সংসদ পেয়েছি। ১৯৯১ সালে একটি ভালো সংসদ দেখেছিলাম, আর এবারকার সংসদ।’
তিনি আরও বলেন, এবার অত্যন্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। ভোটিং প্যাটার্ন দেখে মনে হয়েছে সাধারণ মানুষ পরিবর্তন দেখতে চায়। এই সংসদের নির্বাচিত সদস্য হিসেবে আমাদের দায়িত্ব আগের চেয়ে অনেক বেশি এবং আমাদের জনগণকে সেবা করতে হবে।
অনুষ্ঠানে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, দেশের সবকিছুর কেন্দ্রবিন্দু হিসেবে সংসদকে প্রতিষ্ঠিত করতে হবে এবং গণতন্ত্রকে প্রকৃত অর্থে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি বলেন, সংসদকে জনগণের আরও কাছাকাছি নিয়ে যেতে সাংবাদিকদের সকল প্রয়োজনীয় উদ্যোগে সহযোগিতা অব্যাহত থাকবে। এই ফল উৎসবের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সুসম্পর্ক আরও দৃঢ় হবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
বিপিজেএ’এর সভাপতি হারুন জামিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথোর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারদলীয় হুইপ জি কে গউছ, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, আখতারুজ্জামান মিয়া, এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, বিএনপির সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, জামায়াতের সংসদ সদস্য ব্যারিস্টার মোহাম্মদ নাজিবুর রহমান, রাশেদুল ইসলাম রাশেদ ও সালাহ উদ্দিন।
এ ছাড়া জাতীয় সংসদের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদসহ বিপিজেএ’র কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও জ্যেষ্ঠ সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


