ধানমন্ডির বাবার বাসা ‘মাহবুব ভবনে’ মায়ের সঙ্গে অবস্থানের পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এসেছেন খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। বিকালে তিনি হাসপাতালে আসেন এবং সিসিইউতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে অবস্থান করেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানিয়েছেন, ‘ভাবী (জুবাইদা) বিকাল ৩টা ৩৮ মিনিটে এভারকেয়ার হাসপাতালে আসেন। এসেই মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার খোঁজখবর নেন।
শুক্রবার গভীর রাতে হাসপাতাল থেকে ধানমন্ডির বাসায় ফেরেন জুবাইদা রহমান। এখানে তার মা সৈয়দা ইকবাল মান্দু বানু থাকেন।
এর আগে শুক্রবার সকালে লন্ডন থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে ঢাকায় পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতাল যান তিনি। সেখানে খালেদা জিয়ার শয্যার পাশে থাকা ছাড়াও মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে কয়েকবার বৈঠকও করেন।
জুবাইদা রহমান এই মেডিকেল বোর্ডেরও সদস্য। আগের বৈঠকগুলোতে তিনি ভার্চ্যুয়ালি যুক্ত থাকলে শুক্রবার সশরীরে তিনি অংশ নেন।
রুমন জানান, জুবাইদা রহমান বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা সার্বক্ষণিক নিবিড়ভাবে দেখভাল করছেন এবং খালেদা জিয়ার শয্যার পাশে থাকছেন। ধানমন্ডির বাসায় আসলেও টেলিফোনে শাশুড়ির স্বাস্থ্যের খোঁজখবর রাখছেন।
গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড তার (খালেদা জিয়া) চিকিৎসা দিচ্ছে।


