ঢাকার মিরপুর রূপনগরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনের আগুনের ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস থেকে সাত সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে একটি বস্তুনিষ্ঠ প্রতিবেদন দাখিল করার নির্দেশনা দেওয়া হয়।
বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
কমিতে ঢাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌঁধুরীকে সভাপতি করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন–বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াছির আরাফাত খান; ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকা-০২ জোনের উপসহকারী পরিচালক অতীশ চাকমা; ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ট্রেনিং কমপ্লেক্স মিরপুরের মোহাম্মদ সাইদুল আলম চৌঁধুরী; ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকা-২৩ এর ওয়্যারহাউস ইন্সপেক্টর সোহরাব হোসেন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন মোহাম্মদপুরের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ফসির উদ্দিন।
কমিটিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকা বিভাগের উপপরিচালক মোহাম্মদ ছালেহ উদ্দিনকে সদস্য সচিব হিসেবে যুক্ত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. এম. সাখাওয়াত হোসেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা এবং অগ্নিকাণ্ডে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
অগ্নিকাণ্ডের কারণ, দায়-দায়িত্ব নির্ধারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণ করে সুপারিশ দেওয়ার জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব লস্কার তাজুল ইসলামকে আহ্বায়ক করে সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে।
এ ছাড়া দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ, আহত ও নিহতদের তালিকা প্রণয়ন, পরিদর্শন প্রক্রিয়ায় কোনো গাফিলতি আছে কি না তা খতিয়ে দেখা, কারখানার ঝুঁকি নিরূপণ, ঝুঁকি নিরসনের সুপারিশ এবং দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিতকরণ ও দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ বিষয়ে সুপারিশসহ একটি প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করবে।
এর আগে, মঙ্গলবার দুপুরে রূপনগরের একটি রাসায়নিক গুদামে আগুন লাগে। মুহূর্তেই সে আগুন পাশের একটি তৈরি পোশাক কারখানায় ছড়িয়ে পড়ে। এদিন সন্ধ্যা পর্যন্ত ঘটনাস্থল থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।


