নেত্রকোনায় ভোটকেন্দ্রের একটি কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোরে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের নূরপুর শ্রীধরপুর প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের ওই কক্ষে আগুন দেওয়া হয়।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, বিদ্যালয়টির পেছনের দিকের জানালা ভেঙে চটের বস্তায় কেরোসিন বা পেট্রল জাতীয় দাহ্য তরল দিয়ে কক্ষটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে কক্ষে থাকা বেঞ্চ সিলিং ফ্যান, লাইটসহ বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়।
বিষয়টি জানার পর মঙ্গলবার সকালে সেনাবাহিনী-পুলিশসহ অন্যান্য গোয়েন্দা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম বলেন, ‘এলাকার বিদ্যালয়ের সহকারী শিক্ষক ৯৯৯- এ কল দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে। তারা বিষয়টি তদন্ত করছে।’
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার বলেন, ‘জানালা খোলা ছিল অথবা তা ভেঙে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনার তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।’


