জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বিরুদ্ধে মামলার রায় অপেক্ষমাণ রাখা হয়েছে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেয়। অর্থাৎ, যেকোনো দিন এ মামলার রায় ঘোষণা করা হবে।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২৭ জুলাই কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের অফিসের সামনে স্থানীয় আওয়ামী লীগ নেতা আজগর আলীর বক্তব্যে জুলাই অভ্যুত্থানে সংঘটিত অপরাধের সঙ্গে হানিফের সম্পৃক্ততা পাওয়া যায়। গত ১২ মে প্রসিকিউটর ফারুক আহাম্মদ আদালতে যুক্তি উপস্থাপন করে বলেন, আজগর আলী উল্লেখ করেছিলেন, তাদের নেতা হানিফের নির্দেশ রয়েছে, যে কোনোভাবে আন্দোলন দমন করতে হবে।
এর আগে, ১১ মে প্রসিকিউশনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। সেদিন প্রসিকিউটর মিজানুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করেন। প্রথম দিনের যুক্তিতর্কে আসামিদের বক্তব্য, নির্দেশনা ও সাংগঠনিক ভূমিকার ধারাবাহিকতায় কুষ্টিয়ায় হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে দাবি করে প্রসিকিউশন। একইসঙ্গে এসব ঘটনা পরিকল্পিত ও সমন্বিত হামলার অংশ বলেও ট্রাইব্যুনালে তুলে ধরা হয়। বুধবার আসামিপক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন যুক্তি উপস্থাপন করেন।
এ মামলায় তদন্ত কর্মকর্তাসহ ১৯ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় করা এ মামলায় হানিফসহ চারজনকে আসামি করা হয়েছে। তারা চারজনই পলাতক রয়েছেন।
এ মামলার অন্য তিন আসামি হলেন- কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।
হানিফসহ চারজনের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসেবে ওবায়দুল কাদেরের সঙ্গে মিটিংয়ে উপস্থিত থেকে তার ‘আন্দোলন দমনের জন্য ছাত্রলীগই যথেষ্ট’ বক্তব্যের সঙ্গে একমত পোষণ করা, ২৯ জুলাই কুষ্টিয়ায় একটি মিটিং করে ছাত্র জনতাকে হত্যার নির্দেশ দেওয়া ও ষড়যন্ত্রের অভিযোগ এবং ছয়জনকে হত্যার অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ঘিরে কুষ্টিয়ায় ছয়জন হত্যার শিকার হন। একই সঙ্গে আহত হন বেশ কয়েকজন। এর পরিপ্রেক্ষিতে মাহবুব আলম হানিফসহ আসামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা হয়। গত বছরের ৬ অক্টোবর ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। গত বছরের ২ নভেম্বর হানিফসহ চারজনের বিরুদ্ধে বিচার শুরু হয়।


