জনগণ চাইলে আগামী নির্বাচনে বিএনপির জয় কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
তিনি বলেন, ‘যদি জনগণ চায় এবং এই দেশে বিচারপতি সাহাবুদ্দীন আহমেদের আমলের মতো একটি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে ধানের শীষকে কেউ রুখতে পারবে না।’
শুক্রবার সকালে ঢাকার জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশ কর্মজীবী দল’ আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন ফারুক।
৫ আগস্টের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণার কথা স্মরণ করে তিনি বলেন, ‘যে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, সেটি জনগণের কাছে ফিরিয়ে আনতে হবে। আগামী নির্বাচন হবে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার লড়াই।’
বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামীবিরোধী যারা বুকের রক্ত দিয়ে দেশের স্বাধীনতা এনেছে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেশে অস্থিরতা সৃষ্টি করলে দেশের মানুষ সেটা রুখে দেবে। এই দেশটা এখন জনগণের।’
‘আমার ভোট এখন আমিই দেবো। এই ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য ১৬ বছর অপেক্ষা করেছি। এখন যদি কেউ সেই ভোটাধিকার হরণ করতে চায়, তাহলে তার জবাব আপনারাই দেবেন।’
আলোচনায় বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ জানান, ‘নির্ধারিত সময়ে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া দেশের ভবিষ্যৎ নিরাপদ নয়।’
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘যারা জনগণের ভোট ছাড়া ক্ষমতায় থেকেছে, যারা দেশের সম্পদ লুট করেছে, তাদের বিচার করতেই হবে।’
সভায় আরও ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম প্রমুখ।


