দেশের সিলেট ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে।
সোমবার ভোর ৪টা ৪৭ মিনিটে কয়েক সেকেন্ডের জন্য এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং এলাকায়। এর গভীরতা ছিল ৩৫ কিলোমিটার। যার অবস্থান ২৬ দশমিক ৪৭০ উত্তর অক্ষাংশে এবং ৯২ দশমিক ৪৩৮ পূর্ব দ্রাঘিমাংশে। এর কেন্দ্রস্থল ছিল আসাম রাজ্যের ধিং শহর থেকে মাত্র ৩ কিলোমিটার পশ্চিমে এবং রাজধানী গুয়াহাটি থেকে ৭৬ কিলোমিটার উত্তর-পূর্বে।
সিলেট নগরীর জিন্দাবাজার, উপশহর, আম্বরখানা, টিলাগড়, শাহপরান থানা এলাকা ছাড়াও দক্ষিণ সুরমা, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলার মানুষ এই কম্পন অনুভব করেছেন। ভূকম্পনের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকেই পোস্ট করেন।
তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে গত বছরের ১০ ডিসেম্বর মধ্যরাতে সিলেটে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প অনুভূত হয়।


