সংখ্যালঘুদের নিরাপত্তা ও সমঅধিকারের বিষয়ে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান আসাদ।
তিনি বলেন, ‘হিন্দু বা অন্যান্য অমুসলিম যাদের সংখ্যালঘু বলা হয়—তাদের ওপর কোনো ধরনের অনিয়ম বা নির্যাতন বরদাস্ত করা হবে না। সবাই এই দেশের নাগরিক, সবার সমান অধিকার রয়েছে। আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ হবে।’
শনিবার দুপুরে শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এদিন প্রথম সরকারি সফরে নিজ এলাকা শৈলকুপায় আসেন তিনি। এই কলেজ থেকেই ১৯৮৯ সালে এইচএসসি পাস করেন আসাদুজ্জামান আসাদ।
মন্ত্রী বলেন, ‘মন্ত্রী হওয়ার পর আজ প্রথমবার এলাকায় এসে মায়ের পায়ে সালাম করেছি, বাবার কবর জিয়ারত করেছি। আপনারা আমাকে ভোট দিয়ে এমপি ও মন্ত্রী বানিয়েছেন—আমার দায়িত্ব অনেক বেড়ে গেছে। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমি আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারি।’
রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, ‘কোনো ধরনের অন্যায়কে প্রশ্রয় দিলে দল তার দায় নেবে না। দুয়েকজন নেতার মাস্তানি, টেন্ডারবাজি, কালোবাজারি বা অসাধু ব্যবসার দায় ভবিষ্যতে দল নেবে না।’
উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘ঈদের পরপরই ইনশাআল্লাহ এলাকায় উন্নয়ন কাজ শুরু হবে। অগ্রাধিকারভিত্তিতে তালিকা তৈরি করুন। ধাপে ধাপে সব কাজ বাস্তবায়ন করা হবে। প্রতিটি কাজ হবে স্বচ্ছভাবে, জনগণের জবাবদিহির মাধ্যমে।’
দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান জানিয়ে তিনি বলেন, ‘পার্সেন্টেজের নামে অনিয়মের কথা শুনেছি। এখন থেকে এসব বন্ধ। আমার সঙ্গে এমন রাজনীতি চলবে না।’
তিনি আরও বলেন, কৃষকের কাছে সার পৌঁছে দিতে হবে, শ্রমিককে ন্যায্য হিস্যা বুঝিয়ে দিতে হবে এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে শিক্ষককে সম্মান দিতে হবে।
অনুষ্ঠানে কলেজের প্রাক্তন অধ্যক্ষ আব্দুল মজিদ মানপত্র পাঠ করেন। তিনি বলেন, ‘মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামানকে শুভাগম উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি। শৈলকুপার অন্যতম শ্রেষ্ঠ সন্তান আপনি। শুধু প্রশংসা দিয়ে আপনার কৃতিত্বের বর্ণনা সম্ভব নয়। আপনি আমাদের হৃদয়ের মধ্যমনি হয়ে থাকবেন। আপনি দেশের, আপমর মানুষের হয়ে থাকবেন।’
হুমায়ুন বাবর ফিরোজের সঞ্চালনায় এবং সংবর্ধনা আহ্বায়ক কমিটি ও সাবেক পৌর মেয়র খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি অ্যাড মো. আব্দুল মজিদ, শৈলকুপা পৌর বিএনপি নেতা নজরুল ইসলাম জোয়ার্দার, তৈয়বুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।


