রামিসা হত্যার ঘটনায় রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী আজিজুর রহমান দুলুকে বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিয়েছে সরকার।
শনিবার আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ এ বিষয়ে আদেশ জারি করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রামিসা হত্যার ঘটনায় ফৌজদারি কার্যবিধির ৪৯২ ধারার বিধান মতে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা রাষ্ট্রপক্ষে পরিচালনার জন্য আজিজুর রহমান দুলুকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিশেষ পাবলিক প্রসিকিউটর পদে নিয়োগ করা হলো।
জনস্বার্থে এ আদেশ জারি হয়েছে, সেটি অবিলম্বে কার্যকর হবে।
গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা হয়। এ ঘটনায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন সোহেল রানা।


