রবি বোলার হান্টে নিবন্ধন ছাড়িয়েছে ১৮ হাজার

রবি বোলার হান্টে নিবন্ধন ছাড়িয়েছে ১৮ হাজার
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান নতুন বোলার খুঁজে বের করার লক্ষ্যে আয়োজিত ‘রবি বোলার হান্ট’-এর ট্রায়াল পর্বের প্রথম ধাপ সিলেট বিভাগে সফলভাবে সম্পন্ন হয়েছে।

রবির ‘পারবে তুমিও’ মূলমন্ত্রে দেশব্যাপী এই প্রতিভা অন্বেষণ কার্যক্রমে ইতোমধ্যে নিবন্ধন করেছেন ১৮ হাজারের বেশি ক্রিকেটার। সিলেটের পর মঙ্গলবার বরিশাল বিভাগের ট্রায়াল অনুষ্ঠিত হবে খুলনায়। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এবারের আয়োজনের অন্যতম উল্লেখযোগ্য দিক হলো নারী ও পুরুষ-উভয় ক্রিকেটারের অংশগ্রহণের সুযোগ। দুই বিভাগ থেকেই ভালো সাড়া পাওয়া যাচ্ছে। বিশেষ করে নারী ক্রিকেটারদের অংশগ্রহণ এবারের উদ্যোগে নতুন মাত্রা যোগ করেছে এবং দেশের ক্রিকেটে প্রতিভা অনুসন্ধানের পরিসরকে আরও বিস্তৃত করেছে।

নিবন্ধনের তথ্য অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রামের বাইরে রংপুর ও সিলেট বিভাগ থেকে সবচেয়ে বেশি সাড়া পাওয়া গেছে। সিলেট বিভাগে অনুষ্ঠিত প্রথম ট্রায়ালেও স্থানীয় তরুণ ক্রিকেটারদের মধ্যে উল্লেখযোগ্য আগ্রহ ও উদ্দীপনা দেখা গেছে।

বাংলাদেশের ক্রিকেটে সিলেট অঞ্চলের অবদান দীর্ঘদিনের। জাতীয় দলসহ দেশের বিভিন্ন পর্যায়ের ক্রিকেটে এই অঞ্চল থেকে নিয়মিত প্রতিভাবান ক্রিকেটার উঠে এসেছেন। এবারের রবি বোলার হান্টের সিলেট পর্ব থেকেও নতুন কিছু প্রতিশ্রুতিশীল বোলার সামনে আসবে—এমন প্রত্যাশা রয়েছে।

আরও পড়ুন

সিলেট দিয়ে শুরু হওয়া এই ট্রায়াল কার্যক্রম পর্যায়ক্রমে সাতটি বিভাগে অনুষ্ঠিত হবে। এর ধারাবাহিকতায় আগামীকাল বরিশাল বিভাগের ট্রায়াল অনুষ্ঠিত হবে খুলনায়। পুরো ট্রায়াল পর্বে মোট ৯টি মাঠ ব্যবহার করা হবে। ঢাকায় অনুষ্ঠিত হবে দুটি পৃথক ট্রায়াল, যার ভেন্যু মিরপুর ও পূর্বাচল।

রবির ক্রিকেট প্রতিভা অন্বেষণের উদ্যোগ নতুন নয়। এর আগে ২০১৬ সালের ‘রবি ফাস্ট বোলার হান্ট’ থেকে উঠে এসেছিলেন ইবাদত হোসেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেন। একইভাবে ২০১৭ সালের ‘রবি স্পিনার হান্ট’ থেকে উঠে আসেন রিশাদ হোসেন, যিনি পরবর্তীতে জাতীয় দলের হয়ে নিজের জায়গা তৈরি করেন।

আগের আয়োজনগুলোতে আলাদাভাবে পেসার ও স্পিনার খোঁজা হলেও এবারের উদ্যোগে দুই ধরনের বোলারকেই একই প্ল্যাটফর্মে সুযোগ দেওয়া হচ্ছে। সে কারণেই এবারের আয়োজনের নাম রাখা হয়েছে ‘রবি বোলার হান্ট’। এখানে পেসার ও স্পিনার—উভয় ধরনের বোলারই অংশ নিতে পারছেন।

দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের সামনে নিজেদের সামর্থ্য তুলে ধরার একটি বড় প্ল্যাটফর্ম তৈরি করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। সিলেটের পর পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিভাগে অনুষ্ঠিত হতে যাওয়া এই ট্রায়াল কার্যক্রমের মাধ্যমে ভবিষ্যতের ক্রিকেটে নতুন সম্ভাবনাময় বোলার উঠে আসবে—এমন প্রত্যাশাই থাকছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad