যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর ঢাকায় আসছেন আজ

যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর ঢাকায় আসছেন আজ
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবিটি এক্স (টুইটার) থেকে নেওয়া
Advertisement
Advertisement

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর তিন দিনের সফরে আজ বৃহস্পতিবার বিকালে ঢাকায় পৌঁছাবেন।

সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। কূটনৈতিক সূত্র মতে, রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি সরাসরি দেখতে শুক্রবার তার কক্সবাজার যাওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বেইজিং সফর, বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্পৃক্ততা এবং আঞ্চলিক কূটনৈতিক তৎপরতার প্রেক্ষাপটে গরের এই সফরটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা।

গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে সার্জিও গর তৃতীয় জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা হিসেবে ঢাকা সফর করছেন। এর আগে মার্চ মাসে দক্ষিণ ও মধ্য এশীয়বিষয়ক সহকারী সচিব এস পল কাপুর এবং মে মাসে দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য মার্কিন বাণিজ্য প্রতিনিধির সহকারী ব্রেন্ডান লিঞ্চ ঢাকা আসেন।

আরও পড়ুন

কূটনৈতিক সূত্রগুলো বলছে, সার্জিও ঢাকা-দিল্লির সম্পর্ক বিশেষ করে-নরেন্দ্র মোদি সরকারের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অগ্রগতি জানতে চাইতে পারেন। হয়ত তিনি বাংলাদেশ সরকারের কাছে ভারত সরকারকে কোনো বার্তা পৌঁছে দিতে পারেন। অন্যদিকে, গত কয়েক মাসে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা এবং এ নিয়ে বাংলাদেশের মনোভাব বুঝতে চাইতে পারে ওয়াশিংটন। এ ছাড়া, মস্কো এবং আঙ্কাকার সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা সম্পর্কেও জানতে চাইতে পারে দেশটি।

সার্জিও গর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। ট্রাম্প ২০২৫ সালের আগস্টে তাকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ দেন। এরপর থেকেই তিনি ওয়াশিংটনের আঞ্চলিক কূটনীতিতে একজন মূল ব্যক্তিতে পরিণত হয়েছেন।

গত জানুয়ারিতে গর নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। নয়াদিল্লিকে কেন্দ্র করে তাকে ভারতের পাশাপাশি বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা এবং ভুটানের সঙ্গে মার্কিন কৌশলগত সম্পর্ক এগিয়ে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad