ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাসে আগুন, নিহত ১

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাসে আগুন, নিহত ১
ময়মনসিংহে পুড়ে যাওয়া বাস ঘিরে উৎসুক জনতার ভিড়। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন বাসের চালক জুলহাস মিয়া (৩৫)।

মঙ্গলবার রাত সোয়া ৩টার দিকে উপজেলার ভালুকজান এলাকায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এ ঘটনায় ওই বাসের যাত্রী মো. শাহিদ ইসলাম বাদশা (২০), তার বাবা বাবুল হোসেন এবং মা শারমিন সুলতানা রুমকি দগ্ধ হন।

তাদের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়ার চকরাধাকানাইয়ে। ওই সময় ঢাকা থেকে ফিরে ভোর হওয়ার জন্য তারা বাসের ভেতরেই অবস্থান করছিলেন।

ময়মনসিংহ জেলা পুলিশ জানায়, মঙ্গলবার রাত আনুমানিক ৩টা ১৪ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা আলম এশিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভালুকজান পেট্রোল পাম্পের বিপরীতে মূল সড়কে তেল নেওয়ার জন্য অপেক্ষা করছিল। এ সময় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা হঠাৎ বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও ফুলবাড়িয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফুলবাড়িয়া থানার ওসি রোকনুজ্জামান বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা আলম এশিয়া পরিবহন নামের একটি বাসে আগুন দেয়। এ সময় বাসে থাকা চালক জুলহাস মিয়া দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। দগ্ধ অন্য তিনজনকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’

তিনি আরও জানান, বাস চালকের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে এবং জড়িত দুষ্কৃতিকারীদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad