ভোলা জেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী নজরুলসংগীত কর্মশালা সমাপ্ত হয়েছে। সরকারঘোষিত নজরুলবর্ষ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও জেলা শিল্পকলা একাডেমি, ভোলা শুক্র ও শনিবার এ আয়োজন করে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কর্মশালায় প্রশিক্ষণ দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক মাহমুদুল হাসান এবং মৃদুলা সমদ্দার।
সমাপনী অনুষ্ঠানে আলোচনা করেন ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. বেলাল হোসেন এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে প্রশিক্ষকদ্বয় ও স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা শিল্পকলা একাডেমি, ভোলার কালচারাল অফিসার মো. হাচানুর রশিদ এবং সমাপনী অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শিল্পী বাঁধন তালুকদার।


