বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক যাত্রী প্রবাসী আইনজীবী অভিযোগ করেছেন ফিট টু ফ্লাই ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে গিয়ে বিমানের প্রধান মেডিকেল অফিসার ডা. তাসলিমা আখতার তার সঙ্গে চরম দুর্ব্যবহার ও অসদাচরণ করেছেন।
ভুক্তভোগী যাত্রী বলাকা ভবনে জমা দেওয়া অভিযোগপত্রে উল্লেখ করেছেন, অসুস্থ ছেলের চিকিৎসাজনিত প্রয়োজনীয় কাগজ নিয়ে ডা. তাসলিমার কাছে গেলে তিনি সহযোগিতা না করে উল্টো ফাইল ছুড়ে ফেলেন এবং অশোভন আচরণ করেন। এর বিচার দাবি করেছেন তিনি।
অভিযোগ পাওয়ার পরপরই বিমান কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়। ডা. তাসলিমার আচরণে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে উল্লেখ করে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ৯৬ ঘণ্টার মধ্যে কেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না—তা ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
অপরদিকে ডা. তাসলিমা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, ওই যাত্রী তাকে হয়রানি করেছেন।


