আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জিতলে কেমন বাংলাদেশ গঠন করবে তা জানালেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, ‘বিএনপি এমন একটা বাংলাদেশ বিনির্মাণ করবে, যে বাংলাদেশে আর কোনো মানুষ গুম হবে না। বাংলাদেশে যেন আর কোনোদিন এই কথা শুনতে না হয় কেউ গুম হয়েছে। কোন মাকে যেনো সন্তান হারানোর বেদনা অনুভব করতে না হয়।’
বুধবার কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের আয়োজিত নির্বাচনী পথসভায় এসব কথা বলেন সালাহউদ্দিন। আগামী নির্বাচনে তিনি কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী।
বিএনপির এই নেতা আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘদিন নিখোঁজ ছিলেন। ২০১৫ সালের ১০ মার্চ উত্তরার একটি বাসা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দেওয়া একদল ব্যক্তি তাকে তুলে নিয়ে যায়। এরপর দুই মাস তার কোনো খোঁজ পাননি পরিবারের সদস্যরা।
দুমাসেরও বেশি সময় পর পরিবারের সদস্যরা খবর পান সালাউদ্দিন আহমেদ ভারতের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
তবে তিনি কীভাবে ভারতে পৌঁছলেন তা নিয়ে ধোঁয়াশা ছিল। ফলে সে দেশে অনুপ্রবেশের মামলায় শিলংয়ে কারাগারে যান তিনি। দীর্ঘ আইন প্রক্রিয়ায় ছাড়াও পান তিনি, কিন্তু নানা জটিলতার কারণে দেশে ফিরতে পারছিলেন না।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ১১ আগস্ট দেশে ফেরেন তিনি। এরপর জানান, তাকে হত্যার উদ্দেশে গুম করেছিল তৎকালীন সরকার। তাকে বন্দি রাখা হয়েছিল কথিত আয়নাঘরে। এক পর্যায়ে ভারতে পুশইন করা হয়, আর সেকারণেই অনুপ্রবেশের মামলায় গ্রেপ্তার হন তিনি।
বিএনপি ক্ষমতায় গেলে যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, তাদের মর্যাদা নিশ্চিত করা হবে বলেও ভোটারদের এবার প্রতিশ্রুতি দিচ্ছেন এই নেতা।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন। আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে গণতন্ত্রকে শক্তিশালী করবেন।’
এ ছাড়া আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ অর্থাৎ বিএনপির ভূমিধস বিজয় হবে আশা প্রকাশ করেন তিনি। তিনি জানান, জনগণের বিপুল সমর্থন ও জাতীয় ঐক্যের মাধ্যমে বিএনপি এমন একটি সরকার গঠন করবে, যার মালিক হবে জনগণ। এই নির্বাচনের মধ্য দিয়েই মানুষ তাদের রাষ্ট্রের মালিকানা ফিরে পাবে।
জনগণ যেটা পছন্দ করবে, সেটাকেই ভোট দেবে–এটাই গণতন্ত্রের সৌন্দর্য মন্তব্য করে এই নেতা জানান, বিএনপির কর্মসূচি, পরিকল্পনা ও রাষ্ট্রচিন্তা যদি জনগণের পছন্দ হয়, তাহলে জনগণ স্বতঃস্ফূর্তভাবে বিএনপিকে ভোট দেবে। একইভাবে অন্যান্য রাজনৈতিক দলও তাদের কর্মসূচি ও পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরবে।
তিনি অভিযোগ করেন, ভোট দিলে মরার পর জান্নাত পাওয়া যাবে এসব বলে একটি দল জনগণকে বিভ্রান্ত করছে, ধোঁকাবাজি করছে। এসব অপপ্রচার থেকে জনগণকে সতর্ক থাকআর আহ্বান জানান তিনি।
এক সময় দেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, যখন মানুষ মুক্তভাবে কথা বলতে পারেনি, ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি জানিয়ে তিনি বলেন, এবার মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে এবং নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেবে।
পথসভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরি (সাংগঠনিক) উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ অন্যান্য নেতৃবৃন্দ।


