রাজধানীর যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে ঝুলন্ত অবস্থায় এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম শফিকুল ইসলাম (৪২)।
বুধবার সকাল সাড়ে নয়টার দিকে যাত্রাবাড়ী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. কাউসার হোসেন উল্লেখ করেন, বুধবার ভোর রাত সাড়ে ৩টা থেকে সকাল ৮টা ২৫ মিনিটের মধ্যে যেকোনো সময় যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির ভেতরের টয়লেটে লোহার অ্যাঙ্গেলের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই পুলিশ কনস্টেবল। পরবর্তীতে খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে, তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
এদিকে, শফিকুল ইসলামের ভাগনে মো. আল আমিন জানান, তার মামার বাড়ি চাঁদপুরের মতলব উত্তর থানা এলাকায়। বুধবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহটি প্রথমে রাজারবাগ পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চাঁদপুরে নিয়ে যাওয়া হবে। বৃহস্পতিবার সকালে মরদেহ দাফনের কথা রয়েছে। হতাশা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছেন স্বজনরা।


