সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে সংঘবদ্ধ অনলাইন জুয়া চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
রোববার দুপুরে সহকারী পরিচালক ও র্যাব-১২ অপস অফিসার মো. ফাহাদুজ্জামান আকন্দ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাতে তাড়াশ থানার শরাপপুর গ্রামের আলেদ হোসেনের টিনশেড বাড়ির সামনের পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন তাড়াশ উপজেলার ভাদাশ গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. কাওছার হাবীব (২৫) ও একই গ্রামের সাজ্জাদ আলীর ছেলে মো. শরিফুল ইসলাম (৩০)।
র্যাব-১২ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে বিভিন্ন অনলাইন ক্যাসিনো ও বেটিং সাইট বা অ্যাপের মাধ্যমে জুয়ায় অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে তাড়াশ থানায় জুয়া প্রতিরোধ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।


