আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে সৃষ্টি পরিস্থিতিতে বাংলাদেশে বসবাসরত মার্কিন নাগরিকদের সতর্ক করে বার্তা দিয়েছে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাস।
শুক্রবার দূতাবাসের ওয়েবসাইটে ও অফিশিয়াল ফেসবুক পাতায় এ সতর্কবার্তা প্রকাশ করা হয়।
সেখানে ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন এবং গণভোটের প্রসঙ্গ উল্লেখ করে বলা হয়, ‘নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক সহিংসতা বা চরমপন্থী হামলার ঘটনা ঘটতে পারে, যা জনসভা, ভোটকেন্দ্র এবং গির্জা, মন্দির, মসজিদ ও অন্যান্য ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থানগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে ‘
এ অবস্থায় মার্কিন নাগরিকদের সতর্ক থাকা উচিত বলে মনে করেন দূতাবাস।
নাগরিকদের উদ্দেশে এটাও বলা হয়েছে যে, শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত বিক্ষোভ বা সমাবেশও যেকোনো সময় সংঘাতময় হয়ে উঠতে পারে এবং সহিংসতায় রূপ নিতে পারে।
‘আপনাদের উচিত বিক্ষোভ বা মিছিল এড়িয়ে চলা এবং যেকোনো বড় জনসমাবেশের আশপাশে চলাচলের সময় সতর্কতা অবলম্বন করা।’
আগামী ১০ ফেব্রুয়ারি থেকে মোটরসাইকেল এবং ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ধরনের যানবাহন চলাচলের ওপর বিধিনিষেধ আরোপের কথা উল্লেখ করে দূতাবাস জানিয়েছে, শেষের দুই দিন ঢাকার মার্কিন দূতাবাসে সীমিত পরিসরে অন-সাইট বা সরাসরি সেবা দেবে। প্রদান করা হবে।
নাগরিকদের বড় ভিড় ও বিক্ষোভ এড়িয়ে চলার পাশাপাশি নিজের চারপাশ সম্পর্কে সচেতন থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।
সেইসঙ্গে লো-প্রোফাইলে বা অনাড়ম্বরভাবে চলাফেরা করতেও বলা হয়েছে।
এছাড়া জরুরি যোগাযোগের জন্য সবসময় চার্জ করা মোবাইল ফোন সঙ্গে রাখতে এবং চলাচলের জন্য বিকল্প রুটের পরিকল্পনা করে রাখতে পরামর্শ দেওয়া হয়েছে।


