ঢাকার উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় পার্কিং করা অবস্থায় ভূঁইয়া পরিবহনের একটি বাসে আগুন ধরেছে।
শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের একাধিক সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
তবে এটি কোনো নাশকতা নয় বলে জানিয়েছেন উত্তরা পূর্ব থানার উপপরিদর্শত (তদন্ত)।
নিজের নাম উল্লেখ না করার শর্তে টাইমস অব বাংলাদেশকে টেলিফোনে তিনি বলেন, ‘ভূঁইয়া পরিবহনের একটি বাসে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। বাসের হেলপার ও চালক বাসটি চালু অবস্থায় গিয়ারে রেখে পাশের দোকানে চা খেতে গেলে আগুনের সূত্রপাত হয়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।’
নাশকতা করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘না এটি নাশকতা নয়, আমরা নাশকতার কোনো আলামত পাইনি। তারপরেও আমরা ব্যাপারটি খতিয়ে দেখছি।’
এর আগে উত্তরা ফায়ার স্টেশন জানিয়েছিল, আগুন লাগার খবর পেয়ে সকাল ৯ টা ৫৭ মিনিটে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। তাদের ২০ মিনিটের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়।


