রাজধানীর বনানী এলাকায় একটি অবৈধ সিসা বারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও মাদকদ্রব্যসহ একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বনানী থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সোহাগ হাজরা (২৪)। রোববার রাতে বনানীর ই-ব্লকের ১২ নম্বর রোডের একটি বাড়িতে এই অভিযান পরিচালিত হয়।
বনানী থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বনানীর ওই রোডের একটি বাসায় অবস্থিত ‘অ্যান্তালিয়া’ নামের একটি অবৈধ সিসা বারে অভিযান চালানো হয়। অভিযানে বারের ভেতর থেকে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ১৮ বোতল বিদেশি মদ, ৭টি প্লাস্টিকের বক্সে রাখা অবৈধ সীসা, ১১টি প্রিমিয়াম সিসা স্ট্যান্ড, ১টি মোটরসাইকেল, ১টি ল্যাপটপ ও একটি চাবি।
এই ঘটনায় গ্রেপ্তারকৃত সোহাগ হাজরার বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।


