মাঝনদীতে যাত্রীবাহী লঞ্চে শ্বাসকষ্টে আক্রান্ত এক মুমূর্ষু শিশুকে জরুরি চিকিৎসা ও অক্সিজেন সেবা দিয়ে হাসপাতালে পৌঁছে দিয়েছে কোস্ট গার্ড। সোমবার দুপুরে মেঘনা নদীর মোহনপুর সংলগ্ন এলাকায় চলন্ত লঞ্চ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, এদিন ভোলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘এমভি কর্ণফুলী-৩’ লঞ্চে করে এক নারী তার ছয় মাস বয়সী অসুস্থ শিশুকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা আসছিলেন। দুপুর ১টার দিকে লঞ্চটি চাঁদপুরের মোহনপুরে পৌঁছালে অক্সিজেনের অভাবে শিশুটির শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে।

এ সময় লঞ্চে থাকা শিশুটির দাদা কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বরে কল করে সাহায্য চান। খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি মেডিকেল টিম অক্সিজেন সিলিন্ডারসহ দ্রুতগামী বোটে করে মাঝনদীতে ওই লঞ্চে পৌঁছায়। তারা শিশুটিকে তাৎক্ষণিক অক্সিজেন ও প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা প্রদান করে স্থিতিশীল করে তোলে।
পরবর্তীতে দ্রুত হাসপাতালে নেওয়ার সুবিধার্থে শিশুটিকে কোস্ট গার্ডের নিজস্ব বোটে করে সদরঘাটে নিয়ে আসা হয়। সেখান থেকে একটি সিভিল অ্যাম্বুলেন্সে করে তাকে রাজধানীর শ্যামলীর মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।


