নেত্রকোনার দুর্গাপুরে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের তথ্য সংগ্রহে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল। দুর্নীতি প্রমাণিত হলে প্রয়োজনে নিজেই বাদী হয়ে মামলা করার কথাও জানান তিনি।
বৃহস্পতিবার দুর্গাপুর উপজেলা পরিষদ হলরুমে ফ্যামিলি কার্ডের শুমারির কাজে নিয়োজিত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
ডেপুটি স্পিকার আরও বলেন, সরকারের উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক এসব কার্ডের সুবিধা স্বচ্ছতার সঙ্গে প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছে দিতে হবে। প্রকৃত কৃষক ও অসহায় পরিবারগুলো যাতে এর সুবিধা পায়, তা নিশ্চিত করতে হবে।
তথ্য সংগ্রহকারীদের উদ্দেশে তিনি বলেন, দল-মতের ঊর্ধ্বে ওঠে সঠিক তথ্য সংগ্রহ করতে হবে। একেবারে নিম্নস্তর থেকে তথ্য সংগ্রহ করতে হবে। কুঁড়েঘর, ছাপরাঘর কিংবা ঘরহীন পরিবারগুলোকেও জরিপের আওতায় আনতে হবে।
মতবিনিময় সভা শেষে ফ্যামিলি কার্ডের শুমারির কাজে নিয়োজিত তথ্য সংগ্রহকারীদের হাতে মোবাইল ট্যাব তুলে দেন ডেপুটি স্পিকার।


