প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে নিয়ে ফেসবুকে ‘করুচিপূর্ণ’ পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়ার ঘটনায় অভিযুক্তকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
অভিযুক্ত আব্দুল্লাহ আল মাহমুদ ঢাবি শিবিরের সাবেক তথ্য প্রযুক্তি সম্পাদক ও সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্র।
এ ঘটনার তদন্তে তিন সদস্যের দুইটি তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের হলের অভ্যন্তরে দেয়াল লিখনে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবিএম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ফররুখ মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে অভিযুক্তের হল, সলিমুল্লাহ মুসলিম হল প্রভোস্ট আব্দুল্লাহ আল মামুনের কাছে ছাত্রশিবির নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছিলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ অন্যান্য নেতাকর্মীরা।
বৃহস্পতিবার ফেসবুকে আব্দুল্লাহ আল মাহমুদের নামে এআই ছবিযুক্ত একটি স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। মাহমুদ ২০২৫ সালের ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের সদস্য প্রার্থী ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সলিমুল্লাহ মুসলিম হলের এক শিক্ষার্থী ফেসবুকে অশালীন পোস্ট করেছে এমন অভিযোগকে কেন্দ্র করে ক্যাম্পাসে উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সকল পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে। কমিটি এরই মধ্যে অভিযুক্ত শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনা তদন্তের জন্য সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক শিক্ষক মো: আনোয়ার হোসেনকে আহ্বায়ক, সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক শিক্ষক জাওয়াদ ইবনে ফরিদকে সদস্য সচিব এবং সহকারী প্রক্টর অধ্যাপক মো. মোসাদ্দেক খানকে নিয়ে তিন সদস্যের কমিটি করা হয়েছে। গঠিত তদন্ত কমিটিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসের উদ্ভূত পরিস্থিতিতে বৃহস্পতিবার রাতে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক জরুরি সভায় হলের সৌন্দর্য ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে হলের অভ্যন্তরে সব ধরনের দেয়াল লিখন ও গ্রাফিতি অঙ্কন থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সকল পক্ষকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেছে, বিষয়টি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা হবে। একই সঙ্গে আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্যও সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষার স্বার্থে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া ক্যাম্পাসের সাংবাদিকদের শাহবাগ থানায় মারধরের ঘটনায় সুষ্ঠু তদন্তের জন্য সহকারী প্রক্টর শান্টু বড়ুয়াকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে ‘কুরুচিপূর্ণ’ পোস্টের অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যার পর ডাকসু নেতা এ বি জুবায়ের ও মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদকে শাহবাগ থানার ভেতরে মারধর করা হয়। এসময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন কয়েকজন সাংবাদিকও।


