ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে ময়লার স্তূপে ফেলে যাওয়া নবজাতকের দেহ কুকুর টেনে নিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার বিকালে সদরের কানাইপুর স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটক সংলগ্ন একটি ময়লার স্তূপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কুকুর টেনে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা পুলিশে খবর দিলে কোতোয়ালি থানার সদস্যরা এসে মরদেহটি উদ্ধার করেন। পুলিশ সূত্রে জানা গেছে, নবজাতকটির গর্ভকালীন বয়স আনুমানিক পাঁচ থেকে ছয় মাস হতে পারে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকটি কুকুর ময়লার স্তূপে একটি রক্তমাখা বস্তু নিয়ে টানাটানি করছিল। কাছে গিয়ে স্থানীয়রা দেখতে পান সেটি একটি নবজাতকের মরদেহ। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল বাশার জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গর্ভপাতের পর কেউ রাতের আঁধারে সেটিকে ময়লার ভাগাড়ে ফেলে রেখে গেছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে দাফনের ব্যবস্থা করা হয়েছে।
ওই ভ্রূণটি কীভাবে সেখানে এলো, এর পেছনে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড রয়েছে কি না, তা খতিয়ে দেখতে প্রশাসনকে অনুরোধ করেছেন স্থানীয়রা।


