প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সোমবার দেখা করেছেন সংসদে বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারা প্রায় ২০ মিনিট আলাপ করেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় উপস্থিত ছিলেন।
সোমবার দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পাশাপাশি দাঁড়িয়ে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রী দিলারা হাফিজের জানাজার নামাজ পড়েন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা। জানাজা শেষে দুই নেতা একসঙ্গে হেঁটে সংসদ ভবনের দিকে এগোচ্ছিলেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেন বিরোধীদলী নেতা। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী সংসদ ভবনের নিজ কার্যালয়ে শফিকুর রহমানকে আমন্ত্রণ জানান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সাক্ষাৎটি ছিল সংক্ষিপ্ত। দুই নেতা প্রায় ২০ মিনিট কথা বলেন। পরে শফিকুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয় ত্যাগের সময় তাকে খানিকটা এগিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


