প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
বুধবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভা কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীকে স্কাউটসের ঐতিহ্যবাহী স্কার্ফ পরিয়ে বরণ করে নেওয়া হয়।
প্রতিনিধিদল প্রধানমন্ত্রীকে স্কাউটসের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। প্রধানমন্ত্রী অত্যন্ত মনোযোগ সহকারে তাদের পরিকল্পনা শোনেন এবং তরুণ প্রজন্মকে দক্ষ, দেশপ্রেমিক ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং আন্দোলনের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
অতিরিক্ত প্রেস সচিব জানান, বৈঠকে আগামী ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক স্কাউটস সম্মেলনের প্রস্তুতির বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। স্কাউট নেতৃবৃন্দ তাদের কার্যক্রম আরও গতিশীল করতে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করলে তিনি প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন হ এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহসানুল হকসহ বাংলাদেশ স্কাউটসের জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।


