সকাল থেকে বিকালের মধ্যে দেশের বাজারে দুই দফায় বাড়ানো হয়েছে স্বর্ণের দাম।
মঙ্গলবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্বর্ণের দাম বাড়ার ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সেই দাম সকাল সাড়ে ১০টা থেকে কার্যকর হয়েছে।
এরপর বিকাল পৌনে ৪টার দিকে ফের দর বাড়ানোর ঘোষণা আসে। এই দফায় সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট মানের স্বর্ণের দাম গ্রাম প্রতি নির্ধারণ করা হয় ২২ হাজার ৪৭০ টাকা। এতে ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসাবে প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা।
এর আগে সকালে একই মানের স্বর্ণের দাম ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা বাড়ানো হয়। তখন দাম বেড়ে হয়েছে ভরিতে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা।
অর্থাৎ একদিনেই দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ল ১৬ হাজার ৩৩০ টাকা।
সোমবার দেশের বাজারে স্বর্ণের দাম কমেছিল দুই বার। যার মধ্যে সকালে ভরিতে কমানো হয় ৬ হাজার ৫৯০ টাকা। এরপর বিকালে ফের ৫ হাজার ৪২৪ টাকা কমানো হয়।
ফলে সেদিন প্রতি ভরিতে স্বর্ণের দাম কমেছিল ১২ হাজার ১৪ টাকা।
বাজুসের সবশেষ ঘোষণা অনুযায়ী, ২১ ক্যারেট মানের স্বর্ণের দাম বেড়ে হয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, ১৮ ক্যারেটের দাম হয়েছে ২ লাখ ১৪ লাখ ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৯৫ হাজার ৪৮৫ টাকা।


