মুন্সিগঞ্জের গজারিয়ায় এক ঘণ্টার ব্যবধানে মেঘনা ও কাজলি নদী থেকে অজ্ঞাত দুই নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। তাদের দুইজনেরই হাত-পা বাঁধা ছিল।
শনিবার দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নৌ-পুলিশ জানায়, দুপুর সোয়া ১২টার দিকে গজারিয়া হোসেন্দী ইউনিয়নের ডুবোরচর এলাকায় মেঘনা নদী পাশ থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। তার আনুমানিক বয়স ৩৫ বছর। পরে দুপুর সোয়া ১টার দিকে একই উপজেলার বাউশিয়া ইউনিয়নের দাসকান্দি গ্রামের নিউ হোপ ফ্যাক্টরির পাশে কাজলি নদীর তীর থেকে আরও এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার আনুমানিক বয়স ৩৬ বছর। মরদেহ দুইটি হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে।
নৌ-পুলিশ ইন্সপেক্টর শরজিৎ কুমার ঘোষ জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার আলম আজাদ জানান, মরদেহ দু’টির পরিচয় নিশ্চিত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে(পিবিআই) খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


