বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক কামাল উদ্দিন সবুজ।
বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮ অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে নিয়োগ দেয়। যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগ কার্যকর হবে।
সাংবাদিক মহলে সবুজ নামে পরিচিত হলেও তার প্রকৃত নাম মো. কামাল উদ্দিন মজুমদার। প্রায় ৪০ বছরের সাংবাদিকতা জীবনে তিনি ৩২ বছর বাসসে কর্মরত ছিলেন। ২০২৩ সালে জাতীয় বার্তা সংস্থাটির নিউজ এডিটর হিসেবে অবসরগ্রহণ করেন তিনি।
বাসস থেকে অবসর নেওয়ার পর তিনি দৈনিক দেশ রূপান্তরে সম্পাদক হিসেবে যোগ দেন এবং সর্বশেষ নিয়োগের আগ পর্যন্ত পত্রিকাটির প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তিনি জাতীয় প্রেস ক্লাবের দুইবার সভাপতি ও দুইবার সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
ফেনীর ছাগলনাইয়া উপজেলার বাঁশপাড়া গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে সুলতান আহমেদ মজুমদার ও জেবুন নাহার বেগমের ঘরে তিনি জন্মগ্রহণ করেন।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন এবং একই বিষয়ে ১৯৮৪ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।


